ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তিনি আরো জানিয়েছেন, আগামী বছরের নির্বাচনে তিনি আর ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। এবার ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ শেষ হলে, তিনি অবসর নিবেন বলে ঘোঘণা দিয়েছেন।
শনিবার হঠাৎ করে রাজনীতি থেকে অবসরের এ ঘোষণা দিয়েছেন দুতার্তে। দীর্ঘ দিনের সহযোগী হিসেবে কাজ করা সিনেটর বং গোর সাথে বেশ কিছুক্ষণ থাকার পর তিনি এ সিদ্ধান্ত নেন। এরপর দুতার্তে তার উপরাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে নির্বাচন কমিশন কেন্দ্রে নাম লেখানোর পরিবর্তে অবসর নেন।
ফিলিপাইনের আইন অনুসারে ছয় বছরের মেয়াদে একজন প্রেসিডেন্ট নির্বাচিত হন। মেয়াদ শেষ হওয়ার পর ওই প্রেসিডেন্ট দ্বিতীয়বারের আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। অপরদিকে দেশটিতে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট দুই পদেই আলাদা নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বলেন, অধিকাংশ ফিলিপাইনি মনে করেন যে আমি এ (উপরাষ্ট্রপতি) পদের জন্য যোগ্য নই। আমি উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে দেশের সংবিধান লঙ্ঘিত হবে। এ কারণে আমি রাজনীতি থেকে অবসর নিলাম।
ফিলিপাইনের সংবিধান অনুসারে দেশটির প্রেসিডেন্ট পদ ছয় বছরের জন্য সীমাবদ্ধ। শুধুমাত্র একবারের জন্য রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি পদে ছয় বছরের জন্য দায়িত্ব পালন করতে পারবেন কোনো ফিলিপাইনি নাগরিক। এর পরে তিনি আর রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। রদ্রিগো দুতার্তে উপরাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বললে তার বিরোধীরা এটা অবৈধ বলে অভিহিত করেন। দুতার্তের বিরোধী রাজনীতিবিদরা এ বিষয়ে ফিলিপাইনের আদালতের শরণাপন্নও হতে চেয়েছেন।
সূত্র : আল-জাজিরা









