ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তের মেয়ে সারা দুতার্তে-কারপিউ আগামী বছর অনুষ্ঠিতব্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন। ফিলিপিন্সের সংবাদমাধ্যম এবিএস-সিবিএন নিউজে শনিবার প্রচারিত এক সাক্ষাতকারে এই কথা বলেন তিনি।

এর আগে শনিবার রাজনীতি থেকে আকস্মিক অবসরের ঘোষণা দেন রডরিগো দুতার্তে। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ২০১৬ সাল থেকে দায়িত্ব পালন করছিলেন তিনি।

ফিলিপিন্সের প্রেসিডেন্ট ছয় বছরের মেয়াদে মাত্র এক দফা দায়িত্ব পালন করতে পারেন। দেশটির ভাইস প্রেসিডেন্ট পদেও আলাদাভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভাইস প্রেসিডেন্ট পদে দুতার্তের নির্বাচনের বিষয়ে জল্পনা থাকলেও শনিবার রাজনীতি থেকে অবসরের ঘোষণায় আর তা সম্ভব হচ্ছে না।

দেশটির ভাইস প্রেসিডেন্ট পদে দুতার্তের সহযোগী ক্রিস্টোফার বঙ গো নির্বাচন করছেন।

সারা দুতার্তে-কারপিও বর্তমানে ফিলিপিন্সের তৃতীয় বৃহত্তম শহর দাভোসের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে অবশ্য তিনি জানিয়েছিলেন, আগামী বছর অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রার্থী হবেন না।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড