চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্নায়ুযুদ্ধকালীন সময়ে বিভিন্ন দেশের মধ্যে উত্তেজনা আবার ফিরে আসার বিষয়ে সতর্কতা জানিয়েছেন।

বৃহস্পতিবার নিউজিল্যান্ডে চলমান এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতা সংস্থা এশিয়া-প্যাসেফিক ইকোনমিক কোঅপারেশনের (এপিইসি) সম্মেলনে এক সাইডলাইন ফোরামে বক্তব্যে এই সতর্কতা জানান তিনি।

পূর্বে ধারণ করা এই ভিডিও বক্তব্যে তিনি বলেন , 'এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল স্নায়ুযুদ্ধকালীন যুগের সংঘর্ষ ও বিভেদের মধ্যে আর পড়বে না এবং পড়তে পারে না।'

এর মাধ্যমে চীনের অর্থনৈতিক ও সামরিক প্রভাব বাড়ার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের সাথে চার দেশের কোয়াড গ্রুপ গড়ার প্রচেষ্টার বিষয়ের দিকে ইঙ্গিত করলেন চীনা প্রেসিডেন্ট।

এদিকে আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভার্চুয়াল এক বৈঠকের কথা রয়েছে। তবে বৈঠকের নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।

সাম্প্রতিক বছরগুলোতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়েছে। দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের তৎপরতা বাড়ায় ওয়াশিংটনের উদ্বেগের সাথে সাথে হংকং, জিংজিয়াং ও তাইয়ানের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান দুই দেশের মধ্যে দ্বন্দ্বের সম্পর্ক প্রসারিত করেছে। তবে গত মাসেই দুই দেশের মধ্যে সংঘাত নিরসনে দ্বিপক্ষীয় আলোচনা শুরু হয়।

সূত্র : রয়টার্স