সর্বশেষ করোনা মহামারীর সময়ে স্থগিত হওয়া ট্যুরিস্ট ভিসা দীর্ঘ দুই বছর পর পুরোদমে চালু করার ঘোষণা দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব।
মঙ্গলবার (৮ মার্চ) দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব আরো বলেন, মালয়েশিয়া পহেলা এপ্রিল থেকে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য তার সীমানা সম্পূর্ণরূপে আবার খুলে দেবে। দ্য স্টার মালয়েশিয়া অনলাইনে এ খবর দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, দর্শনার্থীদের পাশাপাশি মালয়েশিয়া থেকে ফেরত আসা কর্মী যারা সম্পূর্ণরূপে টিকাপ্রাপ্ত বা বুস্টার ডোজ গ্রহণ করেছেন তারা খুব সহজেই মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন। এক্ষেত্রে তাদের কোনো কোয়ারেন্টিনে থাকার প্রয়োজন নেই। তবে তাদের অবশ্যই যাত্রার দুই দিন আগে একটি আরটি-পিসিআর পরীক্ষা এবং পৌঁছানোর পরে একটি দ্রুত পরীক্ষা (আরটিকে) করতে হবে।
সর্বশেষ ২০২০ সালের মার্চ মাস থেকে পর্যটনসহ সব ধরনের ভিসার কার্যক্রম বন্ধ করে দেশের সীমানা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হয়েছিল। তখন মহামারীর কারণে বিদেশী কর্মী ও পর্যটকদের প্রবেশ বন্ধ করে দেয়া হয়।
মালয়েশিয়ার প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৯৮ শতাংশ সম্পূর্ণরূপে টিকা দেয়া হয়েছে এবং অর্ধেকেরও বেশি বুস্টার ডোজ পেয়েছে।
যদিও সাম্প্রতিক সময়ে ওমিক্রন প্রাদুর্ভাবের কারণে দেশের দৈনিক নতুন করে প্রায় ৩৩ হাজারেরও বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, যা ২০২০ এর মার্চে প্রথম করোনা ঢেউয়ের চেয়ে ৫ গুণ বেশি। তবে বর্তমানে টিকা গ্রহণের ফলে সংক্রমণ উপসর্গহীন ছিল।
স্বাস্থ্যমন্ত্রী খয়েরি জামালুদ্দিন বলেছেন, আমরা এখন করোনার সাথেই জীবনযাপন করতে অভ্যাস্থ হয়ে গেছি তাই লকডাউনের কোন চিন্তা না করে টিকা গ্রহন ও সচেতনতার উপর নজর দিচ্ছি, পাশাপাশি শিশু ও বয়স্কদের প্রতি আরও যত্নশীল হতে জনগন কে পরামর্শ দিয়েছি।
বিগত দুই বছর তৎকালীন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন করোনার দোহাই দিয়ে একের পর এক লকডাউন দিয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির করে দিয়েছিলেন। এতে করে মালয়েশিয়ার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তখন জনমনে নেতিবাচক প্রশ্ন উঠেছিল যে মহিউদ্দিন ইয়াসিন ক্ষমতায় টিকে থাকার জন্য জরুরি অবস্থা জারি ও লকডাউন দিয়েছে। পরে অনুষ্ঠিতব্য নির্বাচনে ইসমাইল সাবরি ইয়াকুবের কাছে বিপুল ভোটে হেরে যান মুহিউদ্দিন ইয়াসিন।





