ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী আবিগদোর লিবারম্যানের পদত্যাগকে গাজার রাজনৈতিক জয় হিসেবে দেখছে ফিলিস্তিনী প্রতিরোধ আন্দোলন হামাস। গাজায় চলতি বছরের সবচেয়ে ভয়াবহ সহিংসতার পর মিসরের মধ্যস্থতায় মঙ্গলবার অস্ত্রবিরতির ঘোষণা দেয়া হয়। এর প্রতিবাদে পদত্যাগ করেন লিবারম্যান।

ফিলিস্তিনী এ গ্রুপটির মুখপত্র সামি আবু জুহরি বুধবার বলেন, ‘লিবারম্যানের পদত্যাগ পরাজয়ের স্বীকৃতি এবং ফিলিস্তিনীদের প্রতিরোধে ব্যর্থতার পরিচয়। গাজার দৃঢ়তা ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে একটি বড় আঘাতের সৃষ্টি করেছে।’

লিবারম্যান বলেছিলেন, তিনি মিসরের মধ্যস্থতায় গাজার ‘সশস্ত্র’ গ্রুপ হামাসের সাথে যুদ্ধবিরতির প্রতিবাদে পদত্যাগ করছেন।

গাজায় ইসরাইলের দুই দিনের প্রচণ্ড হামলা ও অভিযানের পর এ যুদ্ধবিরতিতে যায় হামাস। এ হামলার সময় হামাসও রকেট ছুঁড়ে প্রতিরোধ গড়েছে।

দুই দিনের প্রচণ্ড সহিংসতায় কমপক্ষে ১৫ জন ফিলিস্তিনী ও দুইজন ইসরাইলির মৃত্যু হয়েছে। এ উপত্যকায় গত দুই বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় সহিংসতা।

লিবারম্যান হামাসের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়ার পক্ষে ছিলেন। আর এটা না হওয়ায় তিনি প্রতিবাদে পদত্যাগ করেছেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এ যুদ্ধবিরতির সমর্থনে বলেছেন, সঠিক সিদ্ধান্তই নেয়া হয়েছে।

লিবারম্যানের পদত্যাগ নেতানিয়াহুর জোট সরকারকে দুর্বল করে দিয়েছে বলে মনে করা হচ্ছে। এবং এর ফলশ্রুতিতে আগাম নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে।