জর্দানের বাদশাহ আবদুল্লাহ বিন হুসাইনকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনার অভিযোগে দেশটির সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও রাজপরিবারের এক সদস্যকে ১৫ বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। সোমবার দেশটির স্টেট সিকিউরিটি কোর্টে এই আদেশ দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত বাসেম আওদাল্লাহ ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত জর্দানের পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে এপ্রিল থেকে জুন পর্যন্ত তিনি অর্থ মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করেন। পরে ২০০৬ থেকে ২০০৮ মেয়াদে তিনি জর্দানের বাদশাহর দফতরের প্রধান কর্মকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন।

অপর দণ্ডপ্রাপ্ত শরিফ হুসাইন বিন জায়েদ রাজপরিবারের এক সদস্য।

আদালতের আদেশে জানানো হয়, তারা বাদশাহ আবদুল্লাহকে ক্ষমতাচ্যুত করে তার সৎভাই ও সাবেক যুবরাজ হামজা বিন হুসাইনকে সিংহাসনে বসাতে উস্কানি দেয়ার বিষয়ে এই দুইজনের বিরুদ্ধে প্রমাণ পেয়েছেন।

জর্দানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রা নিউজ এজেন্সির খবরে বলা হয়,বিন জায়েদকে মাদক ব্যবহারের দায়ে আরো এক বছর কারাদণ্ড ও এক হাজার দিনার (এক লাখ ১৯ হাজার তিন শ' ৫৪ টাকা) জরিমানার আদেশ দেয়া হয়।

দণ্ডিত উভয় কর্মকর্তাই নিজেদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন। শরিফ হুসাইন বিন জায়েদের এক আইনজীবী আলা আল-খাসাওনা সংবাদমাধ্যমকে জানান, এই দণ্ডের বিরুদ্ধে তারা আপিল করবেন।

এর আগে ৩ এপ্রিল বাদশাহ আবদুল্লাহকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের অভিযোগে শাহজাদা হামজাকে গৃহবন্দী করা হয় এবং রাজপরিবারের এক সদস্যসহ অন্তত ২০ জনকে আটক করা হয়। পরে ৫ এপ্রিল বাদশাহর প্রতি আনুগত্য জানিয়ে সাবেক এই যুবরাজ এক বিবৃতিতে স্বাক্ষর করেন।

জর্দানের সাবেক বাদশাহ হুসেইন বিন তালাল ১৯৯৯ সালের ফেব্রুয়ারিতে ক্যান্সারে দীর্ঘ দিন রোগভোগের পর ইন্তেকাল করলে বর্তমান বাদশাহ আবদুল্লাহ বিন হুসেইন সিংহাসনে বসেন। এই সময় তিনি তার সৎভাই হামজা বিন হুসেইনকে যুবরাজ হিসেবে নিয়োগ দেন। পরে ২০০৪ সালে এই মর্যাদা শাহজাদা হামজার কাছ থেকে কেড়ে নেয়া হয়। ওই সময় বাদশাহ আবদুল্লাহ বিবৃতিতে জানান, তিনি শাহজাদা হামজাকে দায়িত্ব মুক্তি দিচ্ছেন যাতে তিনি (শাহজাদা হামজা) কাজের স্বাধীনতা পান এবং বাদশাহর দেয়া যেকোনো মিশন বা দায়িত্ব স্বাচ্ছন্দ্যের সাথে তিনি পালন করতে পারেন।

বর্তমানে জর্দানের যুবরাজ হিসেবে বাদশাহ আবদুল্লাহর বড় ছেলে, ২৬ বছর বয়সী তরুণ শাহজাদা হুসেইন বিন আবদুল্লাহ দায়িত্ব পালন করছেন।

সূত্র : আলজাজিরা