সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত দেশটির সেনাবাহিনীর সদর দফতরের প্রবেশপথে বুধবার (১৬ জুলাই) বোমা হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। সিরিয়ার রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পরপরই ইসরাইলি সেনাবাহিনী বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী বিবৃতিতে জানিয়েছে, তারা সিরিয়ার দক্ষিণে দ্রুজ-সংখ্যাগরিষ্ঠ শহর সুয়েইদা আক্রমণ করেছে এবং তারা ’বিভিন্ন পরিস্থিতির জন্য’ প্রস্তুত ছিল।

এর আগে, সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা জানিয়েছে, ইসরাইলি ড্রোনগুলো শহরটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সুয়েইদায় সংঘর্ষের জেরে যুদ্ধবিরতি চুক্তি হয়। তা সত্ত্বেও আজ সকালে সুয়েইদায় সশস্ত্র গোষ্ঠী এবং সিরিয়ার সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর এই হামলা চালানো হয়।

এর আগে, ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেন, ইসরাইলি সেনাবাহিনী সিরিয়ায় আক্রমণ চালিয়ে যাবে যদি না সেখানকার সরকারি বাহিনী দ্রুজ-সংখ্যাগরিষ্ঠ শহর সুয়েইদা থেকে সরে যায়।

সূত্র : আল জাজিরা