ইয়েমেনের মারিব প্রদেশে হাউছি বিদ্রোহীরা দু’টো ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এ ক্ষেপণাস্ত্র হামলায় ২৯ ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেন কর্তৃপক্ষ। রোববার এসব তথ্য প্রকাশ করেছে ইয়েমেনের এক সরকারি কর্মকর্তা।
ইয়েমেনের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল-ইরিয়ানি তার টুইটার অ্যাকাউন্টে বলেছেন, ইরানের তৈরি এ ক্ষেপণাস্ত্রগুলোকে হাউছিরা ইয়েমেনের মারিব প্রদেশের দিক্ষণাঞ্চলে নিক্ষেপ করেছে। মারিব প্রদেশের আল-জালওয়াহ জেলার একটি মসজিদ ও ধর্মীয় (শিক্ষা) কেন্দ্রে ওই ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানে। এ ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতদের মধ্যে নারী ও শিশুরাও আছেন।
ইয়েমেনের তথ্যমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান যেন বেসামরিক ব্যক্তিদের ওপর চালানো এ ধরনের যুদ্ধাপরাধ বন্ধ করা হয়।
এর আগে ২১ অক্টোবর তারিখে ওই অঞ্চলে হাউছি বিদ্রোহীদের এক হামলায় ১৩ ব্যক্তি নিহত হন।
সাম্প্রতিক সময়ে ইরান সমর্থিত ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা দেশটির খনিজ তেল সমৃদ্ধ এ মারিব প্রদেশের নিয়ন্ত্রণ নেয়ার জন্য তাদের আক্রমণ বাড়িয়ে দিয়েছে। এটা ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারের শক্ত ঘাঁটি এবং দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতর।
সূত্র : ইয়েনি শাফাক









