ইরানের সাথে পরমাণু চুক্তি পুনরায় চালু করতে অস্ট্রিয়ার ভিয়েনায় আলোচনা চলছে বিশ্বশক্তির। এরমধ্যেই জাতিসঙ্ঘের অধীন আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা-আইএইএর সাথে এক সমঝোতা হয়েছে ইরানের।

সমঝোতা অনুযায়ী, ইরানের কারাজ পরমাণু কেন্দ্রের ক্ষতিগ্রস্ত ক্যামেরা বদল করে নতুন ক্যামেরা চালু করা হবে।

ইরানের সংবাদমাধ্যম বুধবার এই খবর জানায়।

খবরে বলা হয়, আইএইএ’র ডাইরেক্টর জেনারেল রাফায়েল ম্যারিয়ানো গ্রসি জানিয়েছেন, ইরানের সাথে এই সমঝোতা খুবই গুরুত্বপূর্ণ। কেননা, এই ক্যামেরা চালু হলে আইএইএ আবার পরমাণু কেন্দ্রের ওপর নজরদারি করতে পারবে।

অপরদিকে আইএইএর এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান ও আইএইএ একসঙ্গে মিলে সমস্যা সমাধানের পথ খুঁজে বের করবে। এর মধ্যে তথ্যের বিনিময় এবং বিশেষজ্ঞদের পরিস্থিতি খতিয়ে দেখার বিষয়টিও থাকবে।

আইএইএ জানিয়েছে, তারা ইরানকে ক্যামেরা দেবে। এই ক্যামেরা সহজে ব্যবহার করা যায়। ইরানের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা সহজেই এই ক্যামেরা বিশ্লেষণ করে দেখতে পারবেন। আগামী ১৯ ডিসেম্বর এই ক্যামেরা ইরানকে দেয়া হবে। ডিসেম্বরের শেষে সেই ক্যামেরা লাগানো হবে।

গত জুন মাসে ইরানের পরমাণু কেন্দ্রে ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়। ইরান জানিয়েছিল, অন্তর্ঘাতের কারণে ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা ইসরাইলকে এই ঘটনার জন্য দায়ী করেছিল।

গত সেপ্টেম্বরে ইরান জাতিসংঘের কর্মীদের নজরদারি ক্যামেরায় নতুন মেমারি কার্ড লাগানোর অনুমতি দিয়েছিল।

আইএইএর তরফে জানানো হয়েছে, এটা কোনো স্থায়ী সমাধান নয়। তবে এটা একটা উল্লেখযোগ্য পদক্ষেপ।

সূত্র : ডয়চে ভেলে