কাজাখস্তানে সিরিয়া ইস্যুতে ১৭ তম আস্তানা আলোচনা বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার কাজাখস্তানের রাজধানী নূর সুলতানে (সাবেক নাম আস্তানা) সিরিয়া ইস্যুর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এ আলোচনা শুরু হয় বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
আস্তানা আলোচনা বৈঠকে তুরস্ক, রাশিয়া ও ইরানের প্রতিনিধিরা সিরিয়া ইস্যুতে দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় আলোচনা করবেন। কাজাখস্তানের রাজধানী নূর সুলতানে এ আলোচনা বৈঠক শুরু হবে সকাল ৮টায়।
কাজাখস্তানে অনুষ্ঠিত এ আলোচনা বৈঠক চলবে দু’দিন পর্যন্ত। এ আলোচনা বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলোর পারস্পরিক বিশ্বাস বাড়ানোর চেষ্টা করা হবে। সিরিয়া ইস্যুতে আলোচনার সময় দেশটির বর্তমান পরিস্থিতির ওপর গুরুত্ব দেয়া হবে।
এছাড়া এ আলোচনা বৈঠকে সিরিয়াতে মানবিক সাহায্য সরবরাহ, জেনেভাতে সিরিয়ার সাংবিধানিক কমিটির কার্যক্রম পুনরায় শুরু করা, বন্দী বিনিময়, জিম্মি বা পণবন্দীদের মুক্তি ও নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের বিষয়ে আলোচনা করা হবে।
সূত্র : আনাদোলু এজেন্সি









