ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনায় ১০ ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার এ দুর্ঘটনা হয় বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
ইরানের ওই অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকগুলো হালকা ও ভারী যানবাহনের সংঘর্ষের ফলে এত মানুষ হতাহত হয়েছেন।
ইরানের খুজেস্তান প্রদেশের ট্রাফিক পুলিশ প্রধান রেজা দোলাতশাহী দেশটির সরকারি টেলিভিশনকে বলেন, স্থানীয় সময় সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় পাঁচটি যানবাহনের সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা হয়। এর মধ্যে একটি মিনিবাসে করে শ্রমিকেদের তেল খনি নেয়া হচ্ছিল এবং একটি ট্রাকে করে গবাদিপশু পরিবহন করা হচ্ছিল। এ দু’টি বাস-ট্রাকের সাথে আরো তিনটি হালকা যানবাহনের সংঘর্ষে ফলে ওই সড়ক দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, যে সকল শ্রমিক নিহত হয়েছেন তারা ইয়াদাভারাণ তেলক্ষেত্রে কাজ করতেন। এটা ইরানের ইরাক সীমান্তের কাছে অবস্থিত একটি বড় তেলক্ষেত্র। এ তেলক্ষেত্রটি আহভাজ শহরের ৬০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
তিনি আরো বলেন, এ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আরো ১২ ব্যক্তি আহত হয়েছেন। এ দুর্ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে।
ইরানের আহভাজ ও খোররামশাহ শহরের মধ্যেকার এ সড়কটি দুর্ঘটনা প্রবণ। সারা বছরই এ সড়কে দুর্ঘটনা ঘটে।
সূত্র : আনাদোলু এজেন্সি








