সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে যে তারা ইয়েমেনের সানায় হাউছিদের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। রোববার আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে হাউছি বিদ্রোহীদের ওপর সৌদি জোট তাদের বিমান হামলা বাড়াচ্ছে। এরই ধারাবাহিকতায় ইয়েমেনের রাজধানী সানায় অবস্থানরত এ ইরান সমর্থিত বিদ্রোহীদের ওপর তারা হামলা চালিয়েছে।
হাউছিবিরোধী ইয়েমেনের সরকারি বাহিনীকে মদদ দেয়া সৌদি সামরিক জোট জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানায় হাউছি বিদ্রোহীদের অস্ত্র গুদামগুলোতে হামলা চালিয়েছেন তারা। সৌদি আরবের সরকারি গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি এসব তথ্য জানিয়েছে।
রোববার এক বিবৃতিতে সৌদি জোট জানিয়েছে, সানার আল-তাশরিফাত ক্যাম্প থেকে অস্ত্র সরানোর চেষ্টা করার সময়ই এ বিমান হামলা করা হয়েছে। এটা ছিল সৌদি সামরিক জোটের তাৎক্ষণিক প্রতিক্রিয়া।
২০১৪ সাল থেকে শুরু হওয়া এ গৃহযুদ্ধে ইয়েমেন এখন বিধ্বস্ত। এ সময় ইয়েমেনের সরকারি বাহিনীকে হটিয়ে দেশটির উত্তরাংশ নিয়ন্ত্রণ করা শুরু করেছে হাউছি বিদ্রোহীরা। এ গৃহযুদ্ধে ১০ হাজার ব্যক্তি নিহত হয়েছেন। জাতিসঙ্ঘের মতে, এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সঙ্কট চলছে এ ইয়েমেনে।
সূত্র : আল-জাজিরা









