সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের আমির শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুমের মেয়ে শেখা লতিফা বিনতে মোহাম্মদ আল-মাখতুমের সাথে সাক্ষাত করেছেন জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশলে।
শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসে দুবাইয়ের রাজকন্যার অনুরোধেই মিশেল ব্যাশলে ব্যক্তিগতভাবে এই সাক্ষাতে যান বলে জাতিসঙ্ঘ মানবাধিকার হাই কমিশনের টুইটার একাউন্টে এক বার্তায় জানানো হয়েছে।
টুইট বার্তায় বলা হয়, ‘লতিফার আইনি উপদেষ্টার সাথে পরিচয়ের পর হাই কমিশনার ও লতিফা ব্যক্তিগতভাবে সাক্ষাত করেন। লতিফা হাই কমিশনারকে জানান তিনি ভালোই আছেন এবং নিজের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করেন।’
.@mbachelet has met Dubai’s Sheikha Latifa, at latter’s request, in Paris. After introduction with Latifa’s legal advisor, the High Commissioner & Latifa met in private. Latifa conveyed to the High Commissioner that she was well & expressed her wish for respect for her privacy. pic.twitter.com/2VxLwVAMe0
— UN Human Rights (@UNHumanRights) February 18, 2022
এর আগে ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাত থেকে সমুদ্রপথে পালানোর সময় লতিফাকে আটক করে আমিরাতে ফিরিয়ে আনা হয়। এরপর থেকেই দুবাইয়ে বন্দী ছিলেন তিনি।
গত বছরের ফেব্রুয়ারিতে ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিতে লতিফার কিছু ভিডিও প্রকাশ করে। গোপনে ধারণ করা ওই ভিডিও লতিফা তার বাইরে থাকা বন্ধুদের কাছে পাঠান।
ভিডিওগুলোতে তিনি তাকে বন্দী করে রাখার এবং তার ওপর নির্যাতনের অভিযোগ করেন।
ভিডিওর জেরে তাকে মুক্তি দেয়ার জন্য এক আন্দোলন শুরু হয়।
পরে গত বছর ভিন্ন ভিন্ন সময়ে একাধিকবার লতিফার দুবাই, স্পেন ও আইসল্যান্ডে মুক্ত ভাবে চলাফেরার ছবি প্রকাশ করা হয়।
সূত্র : মিডল ইস্ট আই









