সপ্তাহে ৩ দিন সংহতি সমাবেশ করতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। শুক্রবার (১ আগস্ট) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সূত্রটি জানিয়েছে, অবরুদ্ধ গাজায় ইসরাইলি আগ্রাসন ও কৃত্রিম দুর্ভিক্ষ বন্ধ না হওয়া পর্যন্ত প্রতি সপ্তাহের শুক্র, শনি ও রোববারে সংহতি সমাবেশ বাড়ানোর আহ্বান জানিয়েছে হামাস।
সংগঠনটি আরো বলেন, আমাদের সম্প্রদায় এখনো গাজায় জাতিগত নিধনের শিকার। সেখানে শত্রুবাহিনী ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এর মাধ্যমে তারা আমাদের দৃঢ়তাকে চ্যালেঞ্জ করতে চাচ্ছে।
হামাস জানিয়েছে, ইসরাইল যদি গাজায় ত্রাণ পৌঁছাতে কোনো বাধা না দেয় এবং গাজায় দুর্ভিক্ষের অবসান ঘটায়, তাহলে আমরা যেকোনো সময় আলোচনায় বসার জন্য প্রস্তুত।
এ সময় গাজার দুর্ভিক্ষ ও অনাহার অবস্থা অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে বলেও জানায় সংগঠনটি।
প্রতিরোধ সংগঠনটি জানায়, ইসরাইল যদি গাজায় অনাহার অবস্থা চালিয়ে যেতে থাকে, তাহলে তাদের সাথে আলোচনার টেবিলে বসা অনর্থক। দুই মিলিয়নের বেশি ফিলিস্তিনির জীবনকে হুমকির মুখে রেখে আলোচনার টেবিলে বসা যায় না।
এ সময় তারা আন্তর্জাতিক সম্প্রদায়সহ সকল পক্ষকে ইসরাইলি আগ্রাসন বন্ধ এবং দুর্ভিক্ষের নিঃশর্ত অবসানে অবিলম্বের কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানায়।
সূত্র : আল জাজিরা









