সিরিয়ার ওপর ইসরাইলের হামলাকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র । সহিংসতা বন্ধে একটি চুক্তিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার একদিন পর ওয়াশিংটনের পক্ষ থেকে এই ঘোষণা এসেছে।
বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, ‘আমরা ইসরাইলের সাম্প্রতিক হামলাগুলোকে সমর্থন করিনি। আমরা বর্তমান সংকট মোকাবেলা ও দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ইসরাইল ও সিরিয়ার সাথে শীর্ষ পর্যায়ের কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছি।’
তবে যুক্তরাষ্ট্র ইসরাইলের প্রতি অসন্তোষ প্রকাশ করেছে কি-না বা ভবিষ্যতে সিরিয়ার বিরুদ্ধে হামলার বিরোধিতা করবে কি-না এই বিষয়ে তিনি কিছু বলেননি।
এদিকে মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও ইসরাইলের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পরে তিনি একটি বিবৃতিতে সরাসরি ইসরাইলের হামলার উল্লেখ না করে সামগ্রিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ওই হামলায় দামাস্কাসের প্রতিরক্ষা মন্ত্রণালয়কেও টার্গেট করা হয়েছিল।
এদিকে ইসরাইল বলছে, সাম্প্রদায়িক দাঙ্গায় তারা কেবল দ্রুজ সম্প্রদায়ের পক্ষ নিয়েছে।
পুরোনো শত্রু সিরিয়ার ওপর ইসরাইল নিয়মিত হামলা চালাচ্ছে। গত ডিসেম্বরে ইসলামপন্থী যোদ্ধারা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে হামলা আরো বেড়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেন। তিনি তুরস্ক ও সৌদি আরবের সাথে মিলে সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারার সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করছেন।
সূত্র : বাসস









