সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সুয়েইদা অঞ্চলে কয়েকদিন ধরে ইসরাইলি বিমান হামলা এবং সাম্প্রদায়িক সহিংসতার পর ইসরাইল ও সিরিয়া একটি যুদ্ধবিরতিতে পৌঁছেছে। এরপরই সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সুয়েইদায় অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর মোতায়েন শুরু হয়েছে।
শনিবার (১৯ জুলাই) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র নুরদ্দীন আল-বাবা বলেছেন, ‘বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং বিশৃঙ্খলার অবসান ঘটানোর লক্ষ্যে সুয়েইদা প্রদেশে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী মোতায়েন শুরু হয়েছে।’
এর কয়েক ঘণ্টা আগে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক জানান, সিরিয়া ও ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
ইসরাইল বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এবং সুয়েইদা অঞ্চলে সরকারি বাহিনীর ওপর বড় ধরনের বিমান হামলা চালায়। ইসরাইলের দাবি, তারা সুয়েইদায় সিরিয়ার দ্রুজ সংখ্যালঘুদের রক্ষা করার জন্য আক্রমণ শুরু করেছে।
সেখানে গত কয়েকদিন ধরেই দ্রুজ ও বেদুইন সশস্ত্র গোষ্ঠী এবং সরকারি বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। এই সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়েছে।









