ইরানের সাথে যুদ্ধবিরতি চলাকালীন ইরান ও সিরিয়া নিয়ে রাশিয়ার সাথে গোপন বৈঠক করেছে ইসরাইল। ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান ও সিরিয়ার বিষয়ে কূটনৈতিক সমাধান খুঁজে বের করার প্রচেষ্টায় তেল আবিব মস্কোর সাথে উচ্চপর্যায়ের যোগাযোগ বজায় রেখেছে।
বৃহস্পতিবার (৩ জুন) তুর্কী বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাশিয়া যখন ইসরাইল ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দেয়, তখন যুদ্ধবিরতির এক সপ্তাহের মাথায় ইসরাইলি কর্তৃপক্ষ মস্কোর সাথে আলোচনা শুরু করে। তবে আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু প্রতিবেদনে প্রকাশ করা হয়নি।
এদিকে, ইরানের বিষয়ে ইসরাইল যুক্তরাষ্ট্রের সাথেও একটি বিস্তৃত চুক্তি করতে চাইছে বলে জানা গেছে। এ বিষয়ে প্রতিবেদন বলা হয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার পরিকল্পিত বৈঠকে এই বিষয়টি উত্থাপন করবেন বলে আশা করা হচ্ছে।
ইরানের বিষয়ে লেবাননের সাথে এর আগে হওয়া চুক্তির অনুরূপ একটি কাঠামো তৈরি করার লক্ষ্য নিয়েছে ইসরাইল। এদিকে ইরানের সাথে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর, ইসরাইলি কর্মকর্তারা আব্রাহাম অ্যাকর্ডস বা আরব দেশগুলোর সাথে স্বাভাবিকীকরণ চুক্তিগুলো সম্প্রসারণের বিষয়ে আলোচনা শুরু করেছে। তারা দাবি করেছে, এই প্রচেষ্টার অংশ হিসেবে সিরিয়ার সাথেও আলোচনা চলছে।









