তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা (ভারতের সংসদের উচ্চকক্ষ) সদস্য পদ ছেড়ে দেয়া কোয়েল মল্লিককে এবার একই পদে প্রার্থী করল বিজেপি। তৃণমূলত্যাগী অপর তিনজনকেও আগেই রাজ্যসভায় পাঠিয়েছে ভারতের ও একইসাথে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলটি।

রোববার (৪ অক্টোবর) বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি নিশ্চিত করেছে। কোয়েলের ছেড়ে দেয়া আসনের উপনির্বাচনে তাকেই প্রার্থী করেছে পদ্মশিবির।

পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা ভোটে ধরাশায়ী হওয়ার পর পর ভাঙনপর্ব শুরু হয় তৃণমূলে। সেই ভাঙন পর্বের মাঝেই গত ১৬ জুলাই দিল্লিতে গিয়ে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের সাথে দেখা করেন অভিনেত্রী ও রাজ্যসভা সদস্য কোয়েল। তার কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন। আগামী ১৬ অক্টোবর তার ছেড়ে দেয়া ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

কোয়েলের আগে আরো তিনজন- সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইক রাজ্যসভায় তৃণমূলের সদস্য পদ থেকে ইস্তফা দেন। পরে তিনজনকেই আবার রাজ্যসভায় পাঠায় বিজেপি। 

তৃণমূলের সদস্য পদ ছাড়ার পর গত ৯ জুলাই বিজেপি-তে যোগ দিয়েছিলেন সুখেন্দু, সুস্মিতা এবং প্রকাশ। যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই তিনজনকে রাজ্যসভার উপনির্বাচনের প্রার্থী করে বিজেপি।

এবার রাজ্যসভায় তৃণমূলের সদস্য পদ ছেড়ে দেয়া চতুর্থজনকেও নিজেদের টিকিটে ফের রাজ্যসভায় পাঠাতে চলেছে পদ্মশিবির (বিজেপি)। এদিন দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যসভা উপনির্বাচনের প্রার্থী হিসেবে কোয়েলের নাম ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই রাজ্যসভা সদস্য পদ থেকে ইস্তফা দেয়ার পর পরই কোয়েল দেখা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সাথে। গুঞ্জনের সূত্রপাত হয়েছিল সেখান থেকেই। কারণ লোকসভায় তৃণমূলের ‘বিদ্রোহী’ সংসদ সদস্যরা ওই সময়ে একাধিকবার বৈঠকে বসেছিলেন ভূপেন্দ্রের বাড়িতে। পরে ওই ‘বিদ্রোহীরা’ যোগ দেন ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া’ (এনসিপিআই)-তে। এবং তারা এখন নিজেদের দাবি করেন কেন্দ্রের শাসকজোট এনডিএ-র শরিক হিসেবে।