আফগানিস্তানে তালেবান কর্তৃপক্ষ দেশটির কেন্দ্রীয় ব্যাংকের জন্য নতুন গভর্নর নিয়োগ দিয়েছে। মঙ্গলবার এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
খবরে প্রকাশ, তালেবান কর্তৃপক্ষের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ বিষয়ে পাকিস্তানের আফগান ইসলামিক প্রেসকে বলেন, হাজি মোহাম্মদ ইদ্রিসকে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক ‘ডা আফগানিস্তান ব্যাংক’-এর নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এ ঘোষণা এমন সময়ে করা হলো যখন আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন যে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম শিগগিরই চালু করা হবে।
তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর দেশটির কেন্দ্রীয় ব্যাংকের আমানত থেকে লেনদেন স্থগিত করা হয়েছে। এ কারণে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমও বন্ধ হয়ে গেছে।
তালেবানের একজন সিনিয়র কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, হাজি মোহাম্মদ ইদ্রিস আফগানিস্তানের উত্তরাঞ্চলের জাওজান প্রদেশের বাসিন্দা। তালেবান কর্তৃপক্ষের সাবেক শীর্ষ নেতা মোল্লা আখতার মনসুরের সাথে তার কাজ করার খুব ভালো অভিজ্ঞতা আছে। ২০১৬ সালে মার্কিন ড্রোন হামলায় মোল্লা আখতার মনসুর নিহত হন। তিনি আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের অর্থ সংক্রান্ত বিষয়গুলোর প্রধান কর্মকর্তা। দক্ষতার জন্য তাকে সবাই সম্মান করে বলেও জানান এক শীর্ষ আফগান কর্মকর্তা।









