আফগান বালিকাদের রোবটিক দলের একটি অংশ এখন মেক্সিকোতে পৌঁছেছে। আফগানিস্তানে মার্কিন মদদপুষ্ট গনি সরকারের পতনের পর দেশটির বালিকাদের রোবটিক দলের ওই পাঁচ সদস্য নিজেদের দেশে একটি অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হয়েছিলেন। এ কারণে তালেবান যোদ্ধারা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর তারা দেশটি থেকে পালিয়ে যান। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার রাতে আফগান বালিকাদের রোবটিক দলের সদস্যদের বিষয়ে মেক্সিকো সিটির বিমানব্ন্দরে একটি সংবাদ সম্মেলন হয়। ওই সংবাদ সম্মেলনে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার ও অন্যান্য বিষয়ে দায়িত্ব পালনকারী সচিব মার্থা ডেলগাদো বলেন, মেক্সিকো সরকার আফগান বালিকাদের ওই রোবটিক দলের সদস্যদের উষ্ণ অভিনন্দন জানিয়েছে।

ওই রোবটিক দলের পাঁচ সদস্য মেক্সিকো সিটির বিমানব্ন্দরে এলে তাদের স্বাগত জানিয়ে এমন বিবৃতি দেন মার্থা ডেলগাদো।

১৪ বছরের আফগান বালিকাদের নিয়ে ওই রোবটিক দল গঠিত হয়। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক রোবটিক প্রতিযোগিতায় বিশেষ পুরস্কার পাওয়ার পর তারা প্রথম আলোচনায় আসে। 'আফগান ড্রিমারস' হিসেবে পরিচিত এই বালিকা রোবোটিকস দল আফগানিস্তানে নারী শিক্ষার উন্নয়নের উজ্জ্বল উদাহরণ হিসেবে বিপুল প্রশংসিত হয়। তারা রোবট ছাড়াও করোনা চিকিৎসায় কম খরচে ভেন্টিলেটর তৈরি করেন।

মেক্সিকো কর্তৃপক্ষ ওই আফগান বালিকাদের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। আগস্ট মাসের ১৮ তারিখে মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে তার টুইটার অ্যাকাউন্টে বলেন, প্রথবারের মতো মেক্সিকো কর্তৃপক্ষ আফগান নাগরিকদের আশ্রয়ের আবেদন পর্যালোচনা করছে। বিশেষ করে আফগান নারী ও বালিকারা যে আবেদন করছে তা আরো দ্রুত কার্যকর করার ব্যবস্থা নেয়া হবে। ইরানে নিযুক্ত মেক্সিকান রাষ্ট্রদূত গিলার্মো পুয়েঁতে অর্ডরিকার সাহায্যে তা করা হবে।

আফগান বালিকাদের রোবটিক দলের অন্য সদস্যরা কাতারে আছেন।

সূত্র : আল-জাজিরা