করোনার তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানির মাঝেই প্রায় প্রতিদিনই একটু একটু করে বাড়ছে ভারতের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টাতেও যার ব্যতিক্রম হল না। এক দিনে লাফিয়ে বাড়ল অ্যাকটিভ কেসও।
সংক্রমণ মোকাবেলাতে টিকাকরণেই জোর দিচ্ছে কেন্দ্র। গতকাল যেমন ভ্যাকসিন দেয়ায় নয়া রেকর্ড গড়ল দেশ। এক দিনে টিকা পেলেন এক কোটিরও বেশি মানুষ। আর তাতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রশংসা কুড়োল ভারত।

শনিবার ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৭৫৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় বেশি। নতুন করে চিন্তা বাড়াচ্ছে কেরলের পরিস্থিতি। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৩ কোটি ২৬ লাখ ৪৯ হাজার ৯৪৭। এক দিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৫০৯ জন।

২৪ ঘণ্টায় দেশে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের সাথে বাড়ল অ্যাকটিভ কেসও। স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৭৭৫ জন। তবে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা।

পরিসংখ্যান অনুযায়ী, এখনো ভরতে ৩ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮০২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩১ হাজার ৩৭৪ জন।

টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। যার প্রমাণ মিলল শুক্রবার। এক দিনে ১ কোটি তিন লাখেরও বেশি মানুষ টিকা পেয়েছেন। টুইট করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টিকাকরণে রেকর্ড গড়ে বিশ্ব স্বাস্থ্য সংখ্যারও প্রশংসা কুড়িয়েছে ভারত।
সূত্র : সংবাদ প্রতিদিন