করোনার তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানির মাঝে গত কয়েক দিন টানা বেড়েছে ভারতের দৈনিক সংক্রমণ। তবে গত ২৪ ঘণ্টায় সামান্য কমল সংক্রমণ ও মৃতের সংখ্যা। কিন্তু নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে কেরালার পরিস্থিতি। সে রাজ্যে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। তাই নতুন করে কড়া বিধিনিষেধের পথে হাঁটল দক্ষিণের রাজ্যটি।
রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৫ হাজার ৮৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় সামান্য কম। এক দিনে দেশে প্রাণ হারালেন ৪৬০ জন। তবে এর মধ্যে শুধুমাত্র কেরালাই এক দিনে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ২৬৫ জন। মৃত্যু হয়েছে ১৫৩ জনের। আর সেই কারণেই রোববার করে অতি সংক্রমিত এলাকায় লকডাউন ঘোষণা করা হলো। পাশাপাশি প্রতিদিন রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত নাইট কারফিউ জারি করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
বর্তমানে ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৩ কোটি ২৬ লাখ ৯৫ হাজার ৩০। পাশাপাশি এখনো পর্যন্ত ভারতে করোনার বলি ৪ লাখ ৩৭ হাজার ৮৩০ জন।
তবে ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ কমলেও বাড়ল অ্যাকটিভ কেস। স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৫৫৮ জন। তবে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা।
পরিসংখ্যান অনুযায়ী, এখনো পর্যন্ত দেশে ৩ কোটি ১৮ লাখ ৮৮ হাজার ৬৪২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৫ হাজার ৮৪০ জন।
টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। দেশে এখনো পর্যন্ত দেশে ৬৩ কোটিরও বেশি ভ্যাকসিন দেয়া হয়েছে। যার মধ্যে গতকালই ৭৩ হাজার জনকে টিকা দেয়া হয়েছে। তবে রোগী চিহ্নিত করতে অব্যাহত টেস্টিং প্রক্রিয়াও।
ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৭ লাখ ৫৫ হাজার ৩২৭টি নমুনা পরীক্ষা হয়েছে।
সূত্র : সংবাদ প্রতিদিন









