সপ্তাহের দ্বিতীয় দিন ভারতের কোভিড গ্রাফে বড়সড় স্বস্তি। ভারতে দৈনিক সংক্রমণ, মৃত্যুর হার নামল অনেকটাই। গত ২৪ ঘণ্টার তুলনায় প্রায় ১১ হাজার কমল সংক্রমণ।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৪১ জন। মৃত্যু হয়েছে ৩৫০ জনের। আর করোনার কবল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩৬ হাজার ২৭৫ জন। তবে অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ছেই। তা নিয়ে নতুন করে চিন্তিত স্বাস্থ্যমহল।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, দেশে এই মুহূর্তে মোট করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩ লাখ ৭০ হাজার ৬৪০। সুস্থ হয়েছেন ৩ কোটি ১৯ লাখ ৫৯ হাজার ৬৮০। আর করোনার বলি ৪ লাখ ৩৮ হাজার ৫৬০। দৈনিক করোনা সংক্রমণের সিংহভাগই কেরালার। কেরালায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬২২ জন। মৃত্যু হয়েছে ১৩২ জনের।
কেরালার পরিস্থিতি দেখে অনেকেরই ধারণা, করোনার তৃতীয় ধাক্কা সেখানে পৌঁছেছে। এর নেপথ্যে নতুন এক স্ট্রেন – C.1.2 দায়ী বলে মনে করা হচ্ছে। যা আগের স্ট্রেনগুলোর তুলনায় সংক্রামক বেশি। তার জেরেই সংক্রমণে লাগাম দেয়া যাচ্ছে না।
তবে কেরালা প্রশাসন সংক্রমণ রুখতে নাইট কারফিউ, সপ্তাহান্তে লকডাউন জারি রয়েছে। আর দেশেও ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জারি কোভিড সংক্রান্ত কঠোর বিধিনেষেধ।
মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে জোর দেয়া হচ্ছে টিকাকরণে। ইতোমধ্যে দেশের ৬৪ কোটি ৫ লাখ ২৮ হাজার ৬৪৪ মানুষকে টিকা দেয়া হয়েছে। এই বছরের মধ্যে দেশের সমস্ত নাগরিককে টিকাদানের লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র।
সূত্র : সংবাদ প্রতিদিন









