ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে টিকাকরণে রেকর্ড গড়েছে দেশটি। এক দিনেই দেশে টিকা পেয়েছেন আড়াই কোটি মানুষ। যার সুফল এবার দেখা যাচ্ছে দৈনিক করোনা পরিসংখ্যানে। রোববার একধাক্কায় অনেকটাই কমল দৈনিক সংক্রমণ। সেই সাথে ১ শতাংশেরও নিচে নেমে গেল দেশের অ্যাকটিভ কেস।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩০ হাজার ৭৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় ১৩.৭ শতাংশ কম। এক দিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩০৯ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটা কম।
ভারতে এখনো পর্যন্ত করোনার বলি ৪ লাখ ৪৪ হাজার ৮৩৮ জন। তবে সবচেয়ে বেশি চিন্তায় রাখছে কেরলের পরিস্থিতি। সেরাজ্যে এক দিনে করোনা আক্রান্ত ১৯ হাজার ৩২৫ জন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বাড়লেও স্বস্তি মিলেছে করোনার অ্যাকটিভ কেসে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ১৫৮ জন। যা আগের দিনের থেকে প্রায় হাজার নয়েক কম। শুধু তাই নয়, এই মুহূর্তে দেশের অ্যাকটিভ কেসের সংখ্যা মোট আক্রান্তের এক শতাংশেরও কম।
পরিসংখ্যান অনুযায়ী, এখনো পর্যন্ত দেশে ৩ কোটি ২৬ লাখ ৭১ হাজার ১৬১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৫ জন।
টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। ৮০ কোটি ৪৩ লাখেরও বেশি মানুষ এখন ভ্যাকসিনের আওতায়। যার মধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৮৫ লাখের বেশি নাগরিক। ইতোমধ্যেই দেশে করোনা পরীক্ষা হয়েছে ৫৫ কোটি মানুষের। এর মধ্যে গতকালই করোনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৫৯ হাজার মানুষের।
সূত্র : সংবাদ প্রতিদিন







