'নিরাপত্তার শঙ্কায়' আফগানিস্তানের রাজধানী কাবুলের হোটেল এড়িয়ে চলতে নিজ নিজ নাগরিককে সতর্কতা করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। সোমবার পৃথক পৃথক বার্তায় দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিজ নিজ নাগরিকদের প্রতি এই সতর্কতা জানায়।
আফগানিস্তান জুড়ে উগ্রবাদী সংগঠন আইএসের কয়েক দফা বোমা হামলার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পক্ষ থেকে এই সতর্কতা জানানো হয়।
সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, 'নিরাপত্তা হুমকি থাকায়' কাবুলের সেরেনা হোটেলের বা হোটেলের কাছাকাছি যেই মার্কিন নাগরিকরা অবস্থান করছেন, তারা যেনো অবিলম্বে ওই স্থান ত্যাগ করেন।
ব্রিটেনের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, 'ক্রমবর্ধমান ঝুঁকির আলোকে আপনাদের পরামর্শ দেয়া হচ্ছে হোটেলে বিশেষ করে কাবুলের হোটেলে (যেমন সেরেনা হোটেল) অবস্থান না করার পরামর্শ দেয়া হচ্ছে।'
তালেবান আগস্ট মাসে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে নতুন করে আইএস বিভিন্ন গুপ্ত হামলা চালানো শুরু করে। তালেবান যোদ্ধারাও আইএসের বিরুদ্ধে দমন অভিযান চালিয়ে আসছে।
তালেবানের আফগানিস্তান নিয়ন্ত্রণে নেয়ার পর বেশিরভাগ বিদেশী দেশটি ত্যাগ করলেও কিছু সাংবাদিক ও ত্রাণকর্মী এখনও কাবুলে রয়ে গেছেন।
ব্যবসায়ী ভ্রমণকারী ও বিদেশী মেহমানদের কাছে সেরেনা হোটেলটি খুবই জনপ্রিয়। কাবুলের কেন্দ্রে অবস্থিত জারনেগার পার্কের কাছাকাছি এই হোটেলটিতে অতীতে বিভিন্ন সময় হামলার ঘটনা ঘটে।
সূত্র : টিআরটি ওয়ার্ল্ড









