পাকিস্তানের করাচি শহরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১৩ ব্যক্তি আহত হয়েছেন। শনিবার করাচি বন্দরের দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটে। পাকিস্তানি পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

পাকিস্তানি ফায়ার সার্ভিস ও পুলিশ বিভিন্ন গণমাধ্যমকে বলেছে, করাচির শেরশাহ এলাকার পরচা চকে এ ঘটনা ঘটে। প্রাইভেট একটি ব্যাংকের নিচে নালার পাইপলাইনের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের এ ঘটনা ঘটেছে। নালা পরিষ্কার করার জন্য কর্তৃপক্ষকে ব্যাংক খালি করার নোটিশ দেয়া হয়েছিল। বিস্ফোরণে ব্যাংক ছাড়াও নিকটস্থ একটি পেট্টল পাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে।

করাচিতে অবস্থিত সরকারি হাসপাতালের কর্মকর্তা সাবির মেমন জানিয়েছেন, এ বিস্ফোরণের ঘটনায় প্রথমে ৯টি লাশ হাসপাতালে আনা হয়। পরে আরো দু’জন মারাত্মক আহত ব্যক্তিকে আনা হয়। কিন্তু, তারা চিকিৎসাধীন অবস্থায়ই মারা যান। বর্তমানে হাসপাতালে ১৩ ব্যক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

পাকিস্তানের করাচি শহরের পুলিশ বিভাগের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, একটি বোম ডিসপোজাল স্কোয়াডকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়েছে। এ স্কোয়াড প্রতিবেদন দিলেই বিস্ফোরণের কারণ সম্পর্কে সকল তথ্য বলা যাবে।

পাকিস্তানের জিও টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণে ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষের নিচে থেকে নিহত ও আহতদের বের করা হচ্ছে। পরে উদ্ধারকারীরা তাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিচ্ছেন। উদ্ধারকারীরা মনে করছেন, ধ্বংসস্তূপের নিচে আরো অনেক লাশ ও আহতরা আটকে আছেন।

সূত্র : আনাদোলু এজেন্সি