ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীর পিস্তল চলন্ত ট্রেন থেকে চুরি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদও চলছে। তবে এখনো মেলেনি চুরি যাওয়া পিস্তল। পিস্তলের সাথেই ওই ব্যাগে ১০ রাউন্ড গুলিও ছিল। সেই গুলিরও সন্ধান মিলছে না।
কলকাতা পুরভোটে দল বিপুল সাফল্য পেতেই তড়িঘড়ি আসামের কামাখ্যা মন্দিরে পূজা দিতে যান তৃণমূলপ্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তার বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী ট্রেনে আসামে পৌঁছান। তারাই আবার ট্রেনে চেপে কলকাতায় ফিরছিলেন।
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চড়ে আসাম থেকে কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রীর কয়েকজন নিরাপত্তারক্ষী। জানা গিয়েছে, ট্রেনটি নিউ কোচবিহার স্টেশনে ঢুকতেই এক নিরাপত্তারক্ষী শৌচালয়ে যান। শৌচালয় থেকে ফেরার পর তিনি দেখেন তার ব্যাগটি উধাও। ওই ব্যাগেই ছিল পিস্তল ও গুলি।
খোদ মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীর পিস্তল চুরি যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পিস্তল ও গুলিসহ ব্যাগটি কোথায় রেখে শৌচালয়ে গিয়েছিলেন ওই নিরাপত্তারক্ষী? ওই নিরাপত্তারক্ষী শৌচালয়ে গেলেও বাকিরা তখন কী করছিলেন? গোটা ঘটনাটি নিউ কোচবিহার স্টেশনে জিআরপিকে জানানো হয়েছে। নিরাপত্তারক্ষীর সেই ব্যাগের সন্ধান মিললেও পিস্তল ও গুলির খোঁজ মেলেনি।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস









