তালেবানবিরোধী রেসিস্ট্যান্স ফ্রন্ট নেতারা আফগানিস্তানে একটি অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছেন। আফগানিস্তানের এ বিরোধী দলের নেতারা ইরানে বৈঠক করার পর তাদের একজন জানিয়েছেন, তারা ওই দু’দিনের বৈঠকে তালেবান প্রতিনিধি দলের কাছে অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছেন। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে তোলো নিউজ।

তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকারের প্রতিনিধিরা গত শনিবার ইরান সফর করেন। এরপর সোমবার আফগানিস্তানের রাজধানী কাবুলে ফিরে আসেন।

মঙ্গলবার রেসিস্ট্যান্স ফ্রন্টের ওই নেতা নিজের নাম প্রকাশ না করার শর্তে বলেন, তালেবান প্রতিনিধিরা রেসিস্ট্যান্স ফ্রন্টের নেতাদের বলেছেন তাদের ইরানে অবস্থান না করে দেশে (আফগানিস্তানে) ফিরে যাওয়া উচিৎ। এছাড়া তালেবান প্রতিনিধিদের সাথে রেসিস্ট্যান্স ফ্রন্টের আলোচনা বৈঠক কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে।

রেসিস্ট্যান্স ফ্রন্টের ওই নেতা বলেন, রেসিস্ট্যান্স ফ্রন্টের নেতারা একটি সমন্বিত অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছে। এর মাধ্যমে এ অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী জাতীয় সরকার গঠন করতে কাজ করত। এর মাধ্যমে প্রত্যেক আফগান (জাতি ও গোষ্ঠীর) ব্যক্তি সমান অধিকার ও স্বাধীনতা পেত। আমাদের প্রস্তাবের জবাবে তালেবান প্রতিনিধিরা রেসিস্ট্যান্স ফ্রন্টের নেতাদের আত্মসমর্পণ করতে বলেছেন। এ কারণে, তালেবান প্রতিনিধিদের সাথে রেসিস্ট্যান্স ফ্রন্টের আলোচনা বৈঠক কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে।

এদিকে তালেবান প্রতিনিধিদের নেতৃত্ব দেয়া আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, রেসিস্ট্যান্স ফ্রন্টের নেতাদের সাথে চমৎকার আলোচনা হয়েছে।

তিনি আরো বলেন, যদি রেসিস্ট্যান্স ফ্রন্ট নেতাদের কোনো অভিযোগ থাকে, তাহলে তারা যেন তা আফগানিস্তানে ফিরে এসে বলে। আমরা তাদের সাথে ওই বিষয় নিয়ে বসব এবং কথা বলব।

রেসিস্ট্যান্স ফ্রন্ট নেতাদের সাথে বৈঠকের সময় উপস্থিত থাকা তালেবান প্রতিনিধিরা হলেন, পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি, অর্থমন্ত্রী দিন মোহাম্মদ হানিফ, ভারপ্রাপ্ত শিল্প ও বাণিজ্যমন্ত্রী নূরুদ্দিন আজিজি, সীমান্ত ও উপজাতি বিষয়ক ভারপ্রাপ্ত উপমন্ত্রী হাজি গুল মোহাম্মদ।

তালেবান প্রতিনিধিদের সাথে আলোচনা বৈঠকের সময় রেসিস্ট্যান্স ফ্রন্ট নেতাদের মধ্যে ছিলেন, সাবেক জিহাদি নেতা ইসমাইল খান, মৌলভি হাবিবুল্লাহ হেসাম, রেসিস্টান্স ফ্রন্টের সদস্য আব্দুল হাফিজ মনসুর, বাদঘিসের প্রাক্তন গভর্নর হেসামুদ্দিন শামস ও ঘোরের প্রাক্তন গভর্নর আব্দুল জাহির ফয়েজ জাদা। রেসিস্ট্যান্স ফ্রন্টকে নেতৃত্ব দেন ইসমাইল খান।

সূত্র : তোলো নিউজ