বেলুচিস্তানে সশস্ত্র উগ্রবাদীদের হামলায় প্রাণ হারিয়েছেন পাকিস্তানের সাত সেনা সদস্য। ওই সময় পাকিস্তানি সেনাদের গুলিতে ১৩ উগ্রবাদীও নিহত হন। বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর এ তথ্য নিশ্চিত করেছে বলে সংবাদ প্রকাশ করেছে জিও নিউজ।

পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশেদ আহমেদ এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী বড় ধরনের একটি হামলা প্রতিহত করেছে। সংঘর্ষে সাত সেনা ও ১৩ উগ্রবাদী নিহত হয়েছেন। আরও চার-পাঁচ উগ্রবাদীকে ঘিরে রাখা হয়েছে। তাদের বিষয়ে সেনাবাহিনী ব্যবস্থা নেবে।’

বেলুচিস্তানের এ হামলায় ভারতের হাত রয়েছে বলে অভিযোগ করে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর বলেছে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলো হামলাকারী সশস্ত্র উগ্রবাদী ও তাদের মদদদাতাদের মধ্যকার যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলতে সক্ষম হয়েছে। এক দিন আগে চালানো এ হামলার নির্দেশনা দেয়া হয়েছে ভারত ও আফগানিস্তান থেকে।

এর আগে, গত সপ্তাহে গোয়াদার বন্দরের কাছে উগ্রবাদীদের হামলায় পাকিস্তানের ১০ সেনা নিহত হন। এটা গত কয়েক বছরের মধ্যে বেলুচিস্তানে পাকিস্তানি সামরিক বাহিনীর ওপর সবচেয়ে প্রাণঘাতী হামলা।

এসব উগ্রবাদীরা সাধারণত পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ও তেল-গ্যাস স্থাপনাগুলোতে হামলা চালিয়ে থাকে। চীনা প্রকল্প ও এর সংশ্লিষ্টরাও তাদের আক্রমণের লক্ষ্য হয়ে উঠেছে। গত বছর বেলুচিস্তানে উগ্রবাদীদের হামলায় ১০ চীনা প্রকৌশলীসহ ২৬ জন নিহত হন।

সূত্র : জিও নিউজ, ডন