পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোট আগামী ৩ বা ৪ এপ্রিল তারিখে হতে পারে।

শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিরোধীরা অনাস্থা প্রস্তাব এনে বরং ইমরান খানের উপকার করেছেন। এর মাধ্যমে আগের চেয়ে পাকিস্তানি প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়ে গিয়েছে।

শেখ রশিদ বলেন, রাজধানীতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে সবাই সমাবেশ করতে পারবে কিন্তু কেউ রেড জোনের মধ্যে প্রবেশ করতে পারবে না।

ইসলামাবাদে দেশটির পার্লামেন্ট, প্রেসিডেন্টের দফতর, প্রধানমন্ত্রীর দফতর, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েটসহ বিবিধ সরকারি দফতরের অবস্থানের এলাকাটি রেড জোন হিসেবে পরিচিত।

শেখ রশিদ সতর্কতা জানান, কাউকেই আইন হাতে নেয়ার অনুমতি তিনি দেবেন না। রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষায় সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই পালন করবে।

গত ৮ মার্চ পাকিস্তানের সংবিধানের ৫৪ ধারার অধীনে বিরোধী দলগুলোর সম্মিলিত এক প্রতিনিধি দল প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি অনাস্থা ভোটের জন্য ন্যাশনাল অ্যাসেম্বলি সেক্রেটারিয়েটে প্রস্তাব জমা দেয়।

সংবিধানের ৫৪ ধারা অনুসারে, ২৫ শতাংশ সদস্যের স্বাক্ষরযুক্ত কোনো প্রস্তাব যদি জমা দেয় হয় তবে স্পিকারকে ১৪ দিনের মধ্যে ওই বিষয়ে অধিবেশন আহ্বান করতে হয়।

এই ধারা অনুসারে ২২ মার্চ ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশনের আহ্বানের শেষ দিন ছিলো। এর একদিন আগেই ২১ মার্চ ন্যাশনাল অ্যাসেম্বলির সেক্রেটারিয়েট থেকে শুক্রবার অধিবেশন আহ্বান করা হয়।

শুক্রবার নির্ধারিত সময় সকাল ১১টায় অধিবেশন শুরু হলেও স্পিকার আসাদ কায়সার সোমবার সকাল ৪টা পর্যন্ত অধিবেশন স্থগিত করেছেন।

সূত্র : জিও নিউজ