পাকিস্তানের রাষ্ট্রপতি ডা: আরিফ আলভি দেশটির কেয়ারটেকার সরকার প্রধান ইস্যুতে প্রধানমন্ত্রী ইমরান খান ও শাহবাজ শরিফকে চিঠি দিয়েছেন। সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে ডন।
পাকিস্তানের সংবিধানের ২২৪-ক (১) নং অনুচ্ছেদ অনুসারে দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য কেয়ারটেকার সরকারের প্রধানমন্ত্রী নিয়োগের কাজ শুরু করেছেন রাষ্ট্রপতি ডা: আরিফ আলভি। এ ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও ভেঙে দেয়া সংসদের বিরোধী দলীয় নেতা শাহবাজ শরিফকে তিনি চিঠি দিয়েছেন। তিনি তাদেরকে কেয়ারটেকার সরকারের প্রধানমন্ত্রী হিসেবে উপযুক্ত ব্যক্তিদের নাম প্রস্তাব করতে বলেছেন।
ডেপুটি স্পিকার কাসিম সুরি প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবকে বাতিল করে দেয়া এবং প্রেসিডেন্ট আরিফ আলভির পার্লামেন্ট ভেঙে দেয়ার পর বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এমন আদেশ এলো।
পাকিস্তানের রাষ্ট্রপতি ডা: আরিফ আলভির ওই চিঠিতে বলা হয়েছে, পাকিস্তানের সংবিধানের ৫৮(১) অনুচ্ছেদ অনুসারে দেশটির পার্লামেন্ট ভেঙে দেয়া হয়েছে। এখন পাকিস্তানের সংবিধানের ২২৪-ক (৪) অনুচ্ছেদ অনুসারে ইমরান খান ওই দিন পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকবেন যত দিন না কেয়ারটেকার সরকারের প্রধান নির্বাচিত করা হচ্ছে।
ওই চিঠিতে আরো বলা হয়েছে, পাকিস্তানের সংবিধানের ২২৪-ক (১) অনুচ্ছেদ অনুসারে কেয়ারটেকার সরকারের প্রধানমন্ত্রী নিয়োগের জন্য দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ও ভেঙে দেয়া সংসদের বিরোধী দলীয় নেতা শাহবাজ শরিফের পরামর্শ চাওয়া হয়েছে।
সূত্র : ডন









