পাকিস্তানের সাংবিধানিক সঙ্কট নিয়ে দেশটির সুপ্রিম কোর্টের রায় আবার পিছিয়ে দেয়া হয়েছে। বুধবার পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ ও ডন এমন সংবাদ প্রকাশ করেছে।
পাকিস্তানের উচ্চ আদালত দেশটির সাংবিধানিক সঙ্কট নিয়ে ধারাবাহিকভাবে চার দিন ধরে যে শুনানি করছে তার রায় আবার পিছিয়ে দেয়া হয়েছে। এর আগে পাকিস্তান পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম সুরি প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আরোপিত অনাস্থা ভোটকে অসাংবিধানিক বলে অভিমত দিয়ে তা বাতিল করেন এবং রাষ্ট্রপতি আরিফ আলভি পার্লামেন্ট ভেঙ্গে দেন। এখন এ বিষয়গুলোতে রায় দেয়ার জন্য আবার সময় নিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির সাংবিধানিক সঙ্কট নিয়ে তাদের শুনানি বৃহস্পতিবার সকাল ৯:৩০ পর্যন্ত স্থগিত করেছে।
এ বিষয়ে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ বলেছে, পাকিস্তানের পার্লামেন্টের কার্যক্রম শুরুর বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি দেশটির সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার পর্যন্ত এ মামলার শুনানি স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল বলেন, পাকিস্তান সুপ্রিম কোর্ট দেশটির এ সাংবিধানিক সঙ্কট নিয়ে সকল পক্ষের কথা শুনতে চায়।
এর আগে পাকিস্তানের প্রধান বিচারপতি দেশটির সাংবিধানিক সঙ্কট নিয়ে (বিরোধী দলগুলোর) স্বতঃপ্রণোদিত নোটিশ গ্রহণ করেন। এ সাংবিধানিক সঙ্কট শুরু হয় তখনই যখন পাকিস্তান পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম সুরি দেশটির বিরোধী দলগুলোর অনাস্থা ভোট দেয়ার প্রক্রিয়া বাতিল করে দেন। তিনি বিরোধী দলগুলোর এ অনাস্থা ভোট আয়োজনকে অসাংবিধানিক বলে আখ্যায়িত করেন। কাসিম সুরি বলেছিলেন, এর মাধ্যমে পাকিস্তানের সংবিধান লঙ্ঘিত হচ্ছে।
প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল, বিচারপতি মুনিব আখতার, বিচারপতি আইজাজুল আহসান, বিচারপতি মাজহার আলম ও বিচারপতি জামাল খান মন্দোখেলকে নিয়ে গঠিত পাকিস্তান সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ ওই সাংবিধানিক সঙ্কট নিয়ে শুনানি করছে।
সূত্র : জিও নিউজ









