ভারত অধিকৃত কাশ্মিরের পুঞ্চ জেলার সীমান্তবর্তী এলাকায় ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর গোলাগুলিতে কমপক্ষে সাতজন নিহত এবং প্রায় ৩২ জন আহত হয়েছেন।

বুধবার (৭ মে) একজন শীর্ষ ভারতীয় কর্মকর্তা বিবিসিকে এ তথ্য জানিয়েছেন।

পুঞ্চ ভারত ও পাকিস্তান সীমান্তের মধ্যে নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছে অবস্থিত।

পুঞ্চের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আজহার মজিদ বলেন, ‘আপাতত গোলাগোলি বন্ধ হয়ে গেছে। তবে আমরা পরিস্থিতি পর্যালোচনা করছি এখন।’

এর আগে, ভারতীয় সেনাবাহিনীর একজন মুখপাত্র ওই অঞ্চলে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিলেন।

ভারত অধিকৃত কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েই চলছিল। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই গতকাল মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও আজাদ কাশ্মিরের নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারত।

জবাবে পাল্টা আক্রমণ করেছে পাকিস্তানও। ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো ৪৬ জন।