রাশিয়া থেকে তেল ক্রয়ের কারণে যুক্তরাষ্ট্র নয়াদিল্লির ওপর শুল্ক আরোপের পর এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হওয়ার সাথে সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডিসেম্বরে ভারত সফর করবেন। গতকাল শুক্রবার ক্রেমলিন একথা জানিয়েছে।

আগামী সোমবার চীনে অনুষ্ঠেয় একটি আঞ্চলিক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে পুতিন দেখা করবেন। ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ এএফপিসহ সাংবাদিকদের বলেছেন, তারা ‘ডিসেম্বরে ভারত সফরের প্রস্তুতি’ নিয়ে আলোচনা করবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়াদিল্লির রুশ তেল ক্রয়ের শাস্তি হিসেবে ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরোপ করেছেন। এটি ইউক্রেনে আক্রমণ বন্ধ করার জন্য মস্কোর ওপর চাপ সৃষ্টির প্রচারণার একটি অংশ।

রাশিয়ার রাষ্ট্রীয় বাজেটের রাজস্বের একটি মূল উৎস হচ্ছে জ্বালানি আয়।

রাশিয়া ভারতের শীর্ষ অস্ত্র সরবরাহকারীদের মধ্যে একটি এবং সোভিয়েত যুগ থেকে দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্ক রয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো সামরিক অভিযান শুরু করার পর থেকে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা রাশিয়ার রফতানি আয় কমাতে চাইছে।

কিন্তু রাশিয়া ইউরোপ থেকে ভারত ও চীনসহ দেশগুলোতে জ্বালানি বিক্রি পুনঃনির্দেশিত করতে সক্ষম হয়েছে। যার ফলে রাশিয়ার বিলিয়ন বিলিয়ন ডলারের তহবিল প্রবাহ অব্যাহত রয়েছে।

ভারত যুক্তি দিয়েছে যে- তারা ‘রাশিয়া থেকে তেল আমদানি করেছে কারণ, সংঘাত শুরু হওয়ার পরে তেল সরবরাহ ইউরোপে সরিয়ে নেয়া হয়েছিল।’

ইউক্রেনের ওপর আক্রমণের সময় পুতিন তার বিদেশ ভ্রমণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছেন। কারণ তার ওপর আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

ভারত আইসিসি’র পক্ষে নয়, তাই পুতিনকে আটক করতে বাধ্য নয়।

সূত্র : এএফপি