ভারত অধিকৃত কাশ্মিরের পুঞ্চ জেলার অসংখ্য মানুষ নিয়ন্ত্রণরেখা বরাবর তীব্র গোলাবর্ষণ থেকে বাঁচতে তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করেছে।

স্থানীয়রা বিবিসিকে জানিয়েছে, বুধবার ভোরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিমান হামলার পর সীমান্তে গোলাবর্ষণ তীব্র আকার ধারণ করেছে।

সোবিয়া নামে স্থানীয় এক বাসিন্দা বিবিসিকে জানান, ‘আমি একটি বিকট শব্দ শুনে আমার এক মাস বয়সী শিশুকে কোলে নিয়ে দৌড়ে বেরিয়ে এসেছি। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম।’

সুফরিন আখতার নামে আরেকজন স্থানীয় বাসিন্দা বলেন, তাদের বাড়ির সামনে একটি গোলা আছড়ে পড়ার পর তিনি ও তার পরিবার বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন।

তিনি বলেন, ‘আমরা গাড়ি পাইনি। নিরাপদ স্থানে পৌঁছানোর জন্য মাইলের পর মাইল হেঁটে যেতে হয়েছে। আমি সারা পথ কাঁদছিলাম। অনেক গোলাবর্ষণ হচ্ছিল।’

সোবিয়া ও সুফরিনসহ আরো বহু মানুষ গত ৪৮ ঘণ্টায় পুঞ্চ থেকে পালিয়ে সুরানকোটে তাদের পরিবার ও বন্ধুদের কাছে আশ্রয় খুঁজতে এসেছেন।

সুরানকোট সীমান্ত থেকে আরো দূরে অবস্থিত, তাই এখানে গোলাবর্ষণের ঝুঁকিতে নেই। স্থানীয়রা বলছেন, এখন পর্যন্ত কমপক্ষে ৮০ জন পালিয়ে এসেছেন এবং আরো অনেকের আসার সম্ভাবনা রয়েছে।

সুরানকোটের বাসিন্দা মোহাম্মদ আলম মালিক বলেন, ‘আমার বাড়িতে এখন ২৫ জন অবস্থান করছেন। কেউ কেউ খালি পায়ে হেঁটে এখানে এসে পৌঁছেছেন। কেউ কেউ তাদের ঘর তালাও দেননি কারণ তাদের তাৎক্ষণিকভাবে চলে আসতে হয়েছিল।’

এই পরিবারগুলো সংকট কাটিয়ে উঠতে এখন আলম মালিকের মতো মানুষের দয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন।