কাশ্মির ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৃহস্পতিবার ভারত সফরে আসছেন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইরান দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

নয়াদিল্লি থেকে এএফপি জানায়, এর আগে আরাকচি ইসলামাবাদ সফর করে পাকিস্তানের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। তিনি বলেন, ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে ইরান মধ্যস্থতার করতে প্রস্তুত।

গত সপ্তাহে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে এক ফোনালাপে আরাকচি বলেন, ইরান উত্তেজনা প্রশমনে সদিচ্ছা নিয়ে কাজ করতে আগ্রহী।

ইরান ও ভারতের মধ্যে সম্পর্ক ঐতিহাসিকভাবে উষ্ণ। যদিও দিল্লি বর্তমানে ওয়াশিংটনের সাথেও ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতায় রয়েছে।

গত বছর চাবাহার বন্দরের উন্নয়ন নিয়ে ভারত ও ইরানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার জেরে যুক্তরাষ্ট্র ভারতের ওপর নিষেধাজ্ঞার হুমকি দেয়।

২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মিরে এক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর আরাকচি ভারত ও পাকিস্তান উভয় দেশ সফরকারী প্রথম জ্যেষ্ঠ কূটনীতিক।

ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ সে অভিযোগ প্রত্যাখ্যান করে। এরপর থেকে কাশ্মির সীমান্তে দুই দেশের সেনারা গুলি বিনিময় করে আসছে।

সূত্র : এএফপি/বাসস