ভারত ও পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের হামলাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পর্যবেক্ষণের কথা জানান রুবিও।
বুধবার সকালে যুক্তরাষ্ট্রের ভারতীয় দূতাবাস বলেছে, রুবিওর সাথে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কথা বলেছেন এবং যেসব পদক্ষেপ নেয়া হয়েছে তাকে অবহিত করেছেন।
ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউজে বক্তৃতা দেয়ার সময় ট্রাম্প বলেন, ‘আমি আশা করি এটি খুব শিগগিরই শেষ হবে।’
রুবিও বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ‘আশা করি এটা দ্রুত শেষ হবে’ এই মন্তব্যের পুনরাবৃত্তিই করেছেন।
তিনি আরো বলেছেন, ‘শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোতে’ তিনি ভারত পাকিস্তান দু’দেশের নেতাদের সাথেই যোগাযোগ অব্যাহত রাখবেন।
এর আগে, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মিরের নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারত। ভারত প্রথমে মিসাইল আক্রমণ চালায়। জবাবে পাল্টা হিসেবে আক্রমণ শুরু করে পাকিস্তানও।
ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো ৩৫ জন।
অন্যদিকে ভারতের সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে দাবি করেছে, ভারত অধিকৃত কাশ্মিরের পুঞ্চ-রাজৌরি এলাকার ভিম্বার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান।
ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র বিবিসিকে নিশ্চিত করেন, ভারত-শাসিত কাশ্মিরে তিনজন নিহত হয়েছেন।
ভারত অধিকৃত কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর থেকে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ দু’টির মধ্যে উত্তেজনা শুরু হয়।









