ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর আগামী ১০ মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। মিডিয়া রিপোর্ট ও বিমান সংস্থাগুলোর ট্রাভেল অ্যাডভাইজরিতে এমন তথ্য পাওয়া গেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে বিবিসি।

বন্ধ হয়ে যাওয়া এসব বিমানবন্দরের অধিকাংশই উত্তর ভারতে।

তবে এ বিষয়ে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় বা বিমানবন্দর নিয়ন্ত্রক সংস্থা থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

বুধবার ভারতের প্রধান বিমান সংস্থাগুলো জানিয়েছে, পাকিস্তানে ভারত বিমান হামলা চালানোর পর কয়েকটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত যাত্রীদের কী করণীয় তা নিয়ে সতর্ক বার্তা জারি করা হয়েছে।

বুধবার ভারতে ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়ে যায় এবং অনেক বিমানবন্দরে যাত্রীদের ফেরত পাঠাতে দেখা যায়।

ভারত অধিকৃত কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েই চলছিল। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও আজাদ কাশ্মিরের নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারত।

জবাবে পাল্টা আক্রমণ করেছে পাকিস্তানও। ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো ৪৬ জন।