কাশ্মিরে ভয়াবহ হামলার ঘটনায় চলমান উত্তেজনায় টানা তৃতীয় রাতে গুলি বিনিময় করেছে পাকিস্তান ও ভারত। রোববার (২৭ এপ্রিল) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরে ভয়াবহ হামলার পর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। এতে উভয় দেশের সেনাদের মধ্যে টানা তৃতীয় রাতেও গুলি বিনিময় হয়েছে। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে বলে অভিযোগ করেছে।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, দুই দেশকে পৃথককারী নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ‘পাকিস্তান কর্তৃক বিনা উস্কানিতে’ ছোট অস্ত্রের গুলিবর্ষণ শুরু হয়েছে।

তারা আরো জানিয়েছে, ‘(আমাদের) নিজস্ব সেনারা যথাযথ ছোট অস্ত্রের গুলিবর্ষণের মাধ্যমে কার্যকরভাবে জবাব দিয়েছে।’

তবে এখন পর্যন্ত পাকিস্তান সর্বশেষ গোলাগুলির ঘটনা নিশ্চিত করেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সূত্র : আল জাজিরা