বাণিজ্য আলোচনায় অংশ নিতে ভারতে আসছে না মার্কিন প্রতিনিধিদল। আগামী ২৫ থেকে ২৯ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধিদলের ভারত সফর করার কথা ছিল, তা বাতিল করা হয়েছে।

তবে এটি পুনরায় নির্ধারণ করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র শনিবার (১৬ আগস্ট) এনডিটিভি প্রফিটকে জানিয়েছে।

এই সফরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। বর্তমান পরিস্থিতিতে এই আলোচনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়ান তেল আমদানির কারণে ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর আগে তিনি ভারতের ওপর আরো ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন।

মার্কিন প্রতিনিধিদলের এই সফরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে ষষ্ঠ দফা বৈঠক হওয়ার কথা ছিল। সময়টিও গুরুত্বপূর্ণ ছিল। কারণ আগামী ২৭ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা। একইসাথে সেপ্টেম্বর-অক্টোবর সময়সীমার মধ্যেই চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে আলোচনার প্রস্তুতি চলছিল। তবে সূত্রের মতে, আলোচনা পুনঃনির্ধারণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচানায় যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দাবি ছিল ভারতের বিশাল কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করা। তবে ভারত বলছে, এতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জীবিকা হুমকির মুখে পড়বে। দুধ আমদানির ক্ষেত্রে ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতার কথাও বিবেচনা করছে ভারত।

শুল্ক ঘোষণার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতে তৈরি পণ্য ব্যবহারের প্রতি জোর দেন এবং শুক্রবার দেশটির স্বাধীনতা দিবসের ভাষণে কৃষক ও জেলেদের সমর্থনের একটি জোরালো বার্তাও দেন।

শুক্রবার আলাস্কায় ইউক্রেন সংঘাত নিয়ে ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আশা করা হচ্ছিল, যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কের বরফ গললে ভারতের ওপর বাড়তি ২৫ শতাংশ শুল্কের চাপ কিছুটা হালকা হতে পারে।

বৈঠকের আগে ও পরে মন্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন যে রাশিয়া থেকে তেল কেনা দেশগুলোর ওপর হয়তো তিনি সেকেন্ডারি শুল্ক আরোপ করবেন না।