ভারত অধিকৃত কাশ্মিরে কমপক্ষে ১০ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে বিবিসি।

ভারতের বিমান হামলার পাল্টা জবাবে দেশ দু’টির মধ্যে কার্যত সীমান্ত হিসেবে পরিচিত এলাকায় পাকিস্তান যখন ভারী গোলাবর্ষণ শুরু করে, তখন এ হতাহতের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা বিবিসিকে জানান, গুলিবর্ষণ সবচেয়ে বেশি হয়েছে পুঞ্চ ও মেন্ধার এলাকায়। বাড়ি ও দোকানপাটসহ অনেক ভবন গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুঞ্চের এক স্থানীয় সাংবাদিক জামরুদ মুঘল ফোনে বিবিসিকে বলেন, ‘বুধবার রাতে ঘণ্টার পর ঘণ্টা আমরা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছি।’

তিনি বলেন, ’মানুষ পুরো রাত ঘুমাতে পারেনি। সবাই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় পালিয়ে গেছে। আমাদের স্থানীয় হাসপাতাল এখন আহত মানুষে ভরে গেছে।’

ভারত অধিকৃত কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েই চলছিল। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই গতকাল মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও আজাদ কাশ্মিরের নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারত।

জবাবে পাল্টা আক্রমণ করেছে পাকিস্তানও। ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো ৪৬ জন।