ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন দেশটির দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা থালাপতি বিজয়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) মাদুরাইয়ের পারাপাথিতে দলীয় দ্বিতীয় রাজ্য সম্মেলনে দেয়া এক বক্তব্যে এমন ঘোষণা দেন তিনি।
এ সময় বিজেপিকে ফ্যাসিস্ট বলেও আখ্যায়িত করেন তিনি।
প্রভাবশালী এই অভিনেতা বলেন, সিংহ সবসময় সিংহই থাকে। একবার গর্জন দিলে তা আট কিলোমিটার পর্যন্ত প্রতিধ্বনিত হয়। সিংহ শিকারের জন্য বেরোয়, বিনোদনের জন্য নয়। বনে যতই শেয়াল থাকুক না কেন, রাজা কিন্তু একটাই- সিংহ।’
হাজারো সমর্থকের সামনে তিনি বিজেপিকে ‘আদর্শগত শত্রু’ এবং ক্ষমতাসীন ডিএমকেকে ‘রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী’ হিসেবেও ঘোষণা করেন।
আসন্ন ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পথসভায় তিনি এই ঘোষণা দেন।
সমাবেশে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তার দল তামিলাগা ভেত্রি কাজগাম (টিভিকে) ২০২৬ সালের নির্বাচন এককভাবে লড়বে। কোনো জোটে না গিয়ে ‘গো অ্যালোন’ নীতি অনুসরণের ঘোষণা দেন তিনি।
উল্লেখ্য, তামিল রাজনীতিতে সিনেমার তারকাদের প্রভাব নতুন নয়। এনটি রামা রাও থেকে জয়ললিতা, কামাল হাসান থেকে শুরু করে এবার থালাপতি বিজয়- সবাই নিজস্ব ভঙ্গিতে জনমনে জায়গা করে নিয়েছেন। বিজয় এবার সেই ধারাকে আরও এক ধাপ এগিয়ে নিতে চাইছেন।
সূত্র : ইন্ডিয়া টুডে









