চীন আয়োজিত শীর্ষ সম্মেলন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে (এসসিও) যোগ দিতে একই দিনে তিয়ানজিনে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার দুই দেশের স্থানীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেন।

এসসিও সম্মেলন আগামীকাল রোববার ও সোমবার উত্তর বন্দর নগরীতে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে নিকটবর্তী বেইজিংয়ে একটি বিশাল সামরিক কুচকাওয়াজের কয়েকদিন আগে এই সম্মেলন আগামীকাল থেকে শুরু হচ্ছে। উত্তর কোরিয়ার কিম জং উন প্রায় ২৬ জন বিশ্বনেতার মধ্যে কুচকাওয়াজে যোগ দিবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের তালিকায় মোদির নাম ছিল না।

এসসিওতে চীন, ভারত, রাশিয়া, পাকিস্তান, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং বেলারুশ অন্তর্ভুক্ত। আরো ১৬টি দেশ পর্যবেক্ষক বা ‘সংলাপ অংশীদার’ হিসেবে যুক্ত।

শনিবার থেকে চীনের প্রেসিডেন্ট শি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এবং মিশরের প্রধানমন্ত্রী মুস্তফা মাদবোলিসহ নেতাদের স্বাগত জানাতে শুরু করেছেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও শীর্ষ সম্মেলনের আগে তিয়ানজিনে আসার কথা রয়েছে।

চীন ও রাশিয়া মধ্য এশিয়ার রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক আরো গভীর করার জন্য এসসিও গঠন করা হয়েছে - যা কখনও কখনও পশ্চিমা-প্রভাবিত ন্যাটো সামরিক জোটের পাল্টা হিসাবে প্রচারিত হয়।

সূত্র : ডন, ইন্ডিয়া টুডে ও অন্যান্য