ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, যদি ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়া হয়, তাহলে তার কঠোর জবাব দেয়া হবে।
বৃহস্পতিবার (৮ মে) সকালে ভারত সফরে আসা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে এক বৈঠকে এস জয়শঙ্কর এ বিবৃতি দেন।
বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘২২ এপ্রিল পেহেলগাম হামলার পর ভারত ৭ মে সীমান্ত পার হয়ে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে হামলা চালায়।’
তিনি আরো বলেন, ‘আমরা উত্তেজনা বাড়াতে চাই না। তবে যদি আমাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়া হয় তাহলে আমরা খুব কড়া জবাব দেব তাতে কোনো সন্দেহ নেই।’
এস জয়শঙ্কর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে বলেন, ‘প্রতিবেশী ও ঘনিষ্ঠ অংশীদার হিসেবে পরিস্থিতি সম্পর্কে আপনার ভালো ধারণা থাকা জরুরি।’









