কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে আবারো ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। পাকিস্তানি সেনারা ‘হালকা অস্ত্র ও আর্টিলারি গান’ ব্যবহার করে নিয়ন্ত্রণরেখায় গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে ভারত।
এদিকে কাশ্মিরের নিয়ন্ত্রণরেখাজুড়ে হওয়া গোলাগুলিতে ভারতীয় এক সৈন্যও নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ মে) মার্কিন গণমাধ্যম সিএনএন ও ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এসব তথ্য জানিয়েছে।
সিএনএন জানিয়েছে, বুধবার রাতে কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও পাকিস্তানের মধ্যে গোলাগুলি হয়েছে বলে জানিয়েছে ভারত অধিকৃত কাশ্মিরের প্রতিরক্ষা মুখপাত্র।
ভারতের প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সুনীল বারতওয়াল জানান, পাকিস্তানি সেনারা ’হালকা অস্ত্র ও আর্টিলারি গান’ ব্যবহার করে নিয়ন্ত্রণরেখায় গুলি চালিয়েছে। এর জবাবে ভারতীয় সেনারাও ‘উপযুক্ত প্রতিক্রিয়া’ দিয়েছে।
গত ২২ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মিরের পেহেলগামে হামলার পর থেকে নিয়ন্ত্রণরেখায় প্রায় প্রতিদিনই দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি চলছে। ওই হামলায় জনপ্রিয় পর্যটনকেন্দ্র পেহেলগামে ২৬ জন নিহত হয়েছিলেন, যাদের বেশিভাগই পর্যটক ছিলেন।
এর আগে, বুধবার একটি ভারতীয় প্রতিরক্ষা সূত্র সিএনএনকে জানিয়েছে, নিয়ন্ত্রণরেখায় রাতভর গোলাগুলিতে ১২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং আরো ৫৭ জন আহত হয়েছেন।
অপরদিকে ভারতীয় সেনাবাহিনীর সূত্রে এনডিটিভি জানিয়েছে, ৭ থেকে ৮ মে রাতের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারজন শিশু এবং একজন সেনাসদস্য রয়েছেন। পাকিস্তানি সেনারা ভারতের অপারেশন সিঁদুরের প্রতিক্রিয়ায় তীব্র মর্টার ও আর্টিলারি গোলাবর্ষণ করেছে।
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, জম্মুর পুঞ্চ সেক্টরে নিহত হওয়া ওই সেনাসদস্যের নাম দীনেশ কুমার শর্মা।
হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সাইনি সামাজিক মাধ্যমে তার নিহত হওয়ার খবর জানিয়ে বলেন, দেশের প্রতিটি নাগরিক তার এ আত্মত্যাগের জন্য গর্বিত। ভারত কখনো তার এ অবদান ভুলবে না।









