ভারত অধিকৃত কাশ্মিরের পুলওয়ামায় একটি বিমান অথবা বড় ড্রোন ভেঙে পড়েছে বলে বিবিসি জানতে পেরেছে। পাম্পোর শহরের কাছে বুধবার ভোর রাতে সেটি ভেঙে পড়ে।

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে বিবিসি জানিয়েছে, ‘জেট বিমানের বিকট শব্দের মধ্যেই একটা বিস্ফোরণ শুনতে পান এখানকার বাসিন্দারা। তারা বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখেন যে কিছু একটা জ্বলছে। যেটি ভেঙে পড়েছে তা বিমান না কোনো ড্রোন, তা এখনো স্পষ্ট নয়। সরকারিভাবে এখনো কিছুই জানানো হয় নি।’

যে জায়গায় ওই বিমান অথবা ড্রোনটি ভেঙে পড়েছে তার কাছাকাছি কাউকে যেতে দিচ্ছে না সেনাবাহিনী। ধ্বংসাবশেষ বুলডোজারে করে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

ভারত অধিকৃত কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েই চলছিল। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই গতকাল মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও আজাদ কাশ্মিরের নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারত।

জবাবে পাল্টা আক্রমণ করেছে পাকিস্তানও। ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো ৪৬ জন।