রাশিয়ার রাজধানী মস্কোতে গতরাতে ৬৫০টি ড্রোনের ব্যাপক হামলায় একজন নিহত হয়েছেন। রুশ কর্তৃপক্ষ মঙ্গলবার (৬ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।
রুশ রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস জানিয়েছে, গত দুই বছরের মধ্যে মস্কো ও এর আশপাশের অঞ্চলে এটি দ্বিতীয় বৃহত্তম ড্রোন হামলা।
সাম্প্রতিক ইউক্রেন ও রাশিয়া উভয়েই দূরপাল্লার হামলা বাড়িয়েছে। এসব হামলায় জ্বালানি, পরিবহন ও বন্দর অবকাঠামোর পাশাপাশি বেসামরিক ও শিল্প স্থাপনাও লক্ষ্যবস্তু হয়েছে। কৃষ্ণ সাগরে জাহাজেও হামলা হয়েছে।
মস্কোর উপকণ্ঠের একটি গ্রামে হামলায় ২০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছেন মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ। তিনি জানান, এতে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রুশ বার্তাসংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে, এসব হামলায় ছয়জন আহত হয়েছেন।
রাশিয়া জানিয়েছে, শীত ঘনিয়ে আসায় তারা অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা বাড়ানোর পরিকল্পনা করছে। এর মধ্যে কিয়েভও রয়েছে।
সূত্র : বাসস








