ইউরোপের দেশ বসনিয়ায় পালন করা হলো দেশটিতে সার্ব আগ্রাসনবিরোধী যুদ্ধকালীন মারকালে গণহত্যার ২৭তম বার্ষিকী। শুক্রবার রাজধানী সারায়েভোর মারকালে বাজারে গণহত্যায় হতাহতদের স্মরণে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বসনিয়া যুদ্ধকালীন সময়ে ১৯৯৪ সালের ৫ ফেব্রুয়ারি রাজধানী সারায়েভো অবরোধ করে রাখা সার্বিয়ার মদদপুষ্ট বসনিয়ার সার্ব বাহিনী মারকালে বাজারের ওপর গোলাবর্ষণ করলে ৬৮ জন নিহত ও ১৫০ জনের বেশি আহত হয়।
গণহত্যা থেকে বেঁচে ফেরা মানুষ ও হতাহতদের পরিবারের সদস্যরা ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান ও রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।
বসনিয়া ও হার্জেগোভিনার কাউন্সিল অব প্রেসিডেন্সির ক্রোয়াট চেয়ারম্যান জেলিকো কমসিজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি গণহত্যার বার্ষিকীর আয়োজনকে সংহতি ও সহানুভূতির নিদর্শন হিসেবে নির্দেশ করেন।
অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, ‘এই বাজারে যারা নিহত হয়েছিলেন, তারা নিরপরাধ বেসামরিক লোক। এটি নির্দেশ করেছে, কী ভয়াবহ দুর্যোগেই না তারা পড়েছিলেন। সারায়েভোর মানুষের অন্যতম দায়িত্ব তাদের ভুলে যেতে না দেয়া।’
গণহত্যায় নিহতদের স্মরণে সারায়েভোর ন্যাশনাল থিয়েটারে অপর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। করোনাভাইরাস সংক্রমণ রোধে এতে অংশ নেয়া অতিথির সংখ্যা সীমিত রাখা হয়।
পরে অনুষ্ঠানটিতে অংশ গ্রহণকারীরা মারকালে বাজারে এসে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।
১৯৯৫ সালের ২৮ আগস্ট মারকালে বাজারে দ্বিতীয়বার সার্ব বাহিনী হামলা করে। মর্টারের গোলাবর্ষণে ওই হামলায় ৪৩ জন নিহত ও ৭৫ জন আহত হন।
বসনিয়ায় ৪৪ মাসের যুদ্ধে সারায়েভোতে মোট ১১ হাজার পাঁচ শ’ ৪১ জন নিহত হয়েছিলেন যারমধ্যে এক হাজার ছয় শ’ এক শিশু অন্তর্ভুক্ত।
সাবেক সার্বীয় নেতা রাদোভান কারাদিচকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারে অন্য অপরাধের সাথে সাথে মারকালে বাজারে এই গণহত্যার সাথে যুক্ত থাকার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
এ ছাড়া বসনিয়ার সার্ব সেনা অধিনায়ক রাতকো ম্লাদিচকে সারায়েভো ও বসনিয়ার অন্য স্থানগুলোতে সাধারণ মানুষের বিরুদ্ধে সন্ত্রাস ও জাতিগত নিধনের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
১৯৯৫ সালে সেব্রেনিৎসার গণহত্যায় আট হাজারের বেশি মুসলিম ব্যক্তি ও বালককে হত্যার অভিযোগে আদালত তার সংশ্লিষ্টতা পেয়েছে।
অন্য অপরাধসহ মারকালে গণহত্যায় যুক্ত থাকায় আন্তর্জাতিক অপরাধ আদালত বসনিয়ার সার্বদের সশস্ত্র বাহিনীর সারায়েভো-রোমানিয়ার কমান্ডার দ্রাগোস্লাভ মিলোসেভিচকে ২৯ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
সূত্র : ডেইলি সাবাহ








