প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেও বেলারুশের বনাঞ্চলের গুদামঘরে অবস্থান নিয়েছেন অসংখ্য অভিবাসী। এসব গুদামঘরের অবস্থান পোল্যান্ড সীমান্তের কাছে। সেখানে এসব অভিবাসীদেরকে প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে এক হালকা রৌদ্রোজ্জ্বল সকালে খাবারের জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তারা গরম খাবার ও পানির জন্য লাইন ধরে দাঁড়িয়ে ছিলেন। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে ডেইলি সাবাহ।

অসংখ্য অভিবাসী প্রায় এক মাস ধরে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করার আশায় বেলারুশের সীমান্ত অঞ্চলের এ বনাঞ্চলে আটকে পড়েছেন। যদিও এ হিমশীতল তাপমাত্রার মধ্যে তারা চেষ্টা করেছিলেন ইউরোপে (পোল্যান্ড) প্রবেশ করার, কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। এখনো অনেক অভিবাসী আশা করছেন যে তারা ইউরোপে প্রবেশ করার অনুমতি পাবেন।

৮ নভেম্বর তারিখ থেকে বিভিন্ন দেশের অসংখ্য অভিবাসী বেলারুশে গেছেন। তারা বেলারুশ-পোল্যান্ড সীমান্তের কাছে অবস্থান করছেন। এখানকার অধিকাংশ অভিবাসীই তাদের নিজ দেশে সঙ্ঘাত ও বিপর্যয়ের কারণে এখন ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন। নিজেদের দেশে অসহায় ও নিরাশ অবস্থায় থাকা এসব মানুষ এখন পোল্যান্ড হয়ে জার্মানি বা পশ্চিম ইউরোপের দেশগুলোতে যেতে চান।

সূত্র : ডেইলি সাবাহ