ফ্রান্সের পুলিশ বাহিনী জানিয়েছে, ফ্রান্সের রাজধানী প্যারিসে করোনার বিধি-নিষেধের বিরুদ্ধে পাচঁ শ’ যানবাহনের সমন্বয়ে একটি গাড়িমিছিলের চেষ্টা করা হয়েছে। কানাডায় অনুষ্ঠিত করোনার বিধি-নিষেধের বিরুদ্ধে হওয়া বিক্ষোভের দ্বারা অনুপ্রাণিত হয়ে এ গাড়িমিছিলের চেষ্টা করা হয়েছে। শনিবার এ ঘটনা ঘটে।

‘ফ্রিডম কনভয়’ (স্বাধীনতা কাফেলা) নামের গাড়িমিছিলটি ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রবেশের চেষ্টা করে। কিন্তু, প্যারিসে প্রবেশের তিন পথে ওই গাড়িমিছিলটিকে প্রবেশ করতে দেয়নি ফ্রান্সের পুলিশ। পরে ওই গাড়িগুলোর মধ্যে ১৫০টি যানবাহনকে টিকেট দেয়া হয়। ফ্রান্সের পুলিশ বাহিনী তাদের টুইটার অ্যাকাউন্টে এসব তথ্য জানিয়েছে।

এ সময় কয়েক হাজার ফরাসি পুলিশ কর্মকর্তা প্যারিসে চেকপয়েন্ট স্থাপন করেন। এ সময় ওই বিক্ষোভ (গাড়িমিছিল) প্রতিরোধ করার জন্য আর্মড পারসোনাল ক্যারিয়ার ও পানিকামানের ট্রাক প্রস্তুত করা হয়।

কানাডায় গাড়ির হর্ন বাজিয়ে যে ‘ফ্রিডম কনভয়’ (স্বাধীনতা কাফেলা) নামের গাড়িমিছিল অনুষ্ঠিত হয়েছে তাতে অনুপ্রাণিত হয়ে এ বিক্ষোভের চেষ্টা করা হয়েছে। শুক্রবার করোনার বিধি-নিষেধের বিরুদ্ধে হওয়া এ গাড়িমিছিলটিতে অংশ নেয়া গাড়িচালকদেরকে প্যারিসে প্রবেশ করতে দেয়া হয়নি।

এ বিষয়ে ফ্রান্সের সংবাদপত্র অয়েস্ট ফ্রান্সকে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, আমরা বিক্ষোভ করার অধিকারকে সব সময় সমর্থন করি। কিন্তু, এখন আমাদের মধ্যে একতা ও সহযোগিতার মনোভাব দরকার।

ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন কাস্টেক্স এ গাড়িমিছিলের সমালোচনা করে বলেন, ফ্রান্সের নাগরিকদের বিক্ষোভ করার অধিকার আছে, কিন্তু রাজধানীকে অবরুদ্ধ করার অধিকার নেই।

সূত্র : ডেইলি সাবাহ